লামায় পাহাড় ও সমতলে গুম-খুন-ধর্ষণের বিচারের দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ
বেলাল আহমদ,লামা (বান্দরবান)প্রতিনিধি -পাহাড় থেকে সমতলে তনু,রামিসা,আছিয়া ও চিংমা খিয়াংসহ সকল গুম, খুন, ধর্ষণ এবং বলাৎকারের বিচারের দাবিতে বান্দরবানের লামায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদের সামনের সড়কে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন,লামা উপজেলা শাখা।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার সহ-সভাপতি জয় ত্রিপুরার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জৈবা ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম এবং গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সমন্বয়কারী ফরিদ উদ্দিন।
বক্তারা বলেন,”তনু থেকে শুরু করে রামিসা, আছিয়া কিংবা পাহাড়ি জনপদের চিংমা খিয়াং কারো হত্যাকাণ্ডেরই আজ পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। পাহাড় কিংবা সমতল, কোথাও আজ নারী ও শিশুরা নিরাপদ নয়। গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের মতো জঘন্য অপরাধের বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।”
সমাবেশ থেকে অবিলম্বে সকল গুম, খুন ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় ছাত্র-জনতাকে সাথে নিয়ে দেশব্যাপী আরও তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্র নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও গণসংহতি আন্দোলনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































